অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে “ভিপি নুরের নির্দেশ—৫ লাখ টাকার কম হবে না” শীর্ষক একটি কল রেকর্ড প্রকাশের পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়। তবে অডিও রেকর্ডের সত্যতা কিংবা এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো সম্পাদনার আশ্রয় নেওয়া হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় তা পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “আমার নাম ব্যবহার করে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।” তিনি জানান, অভিযুক্তকে বহিস্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে তার কণ্ঠ কেটে ও সম্পাদনা করে এই অডিও তৈরি করেছে।
ঘটনার ব্যাখ্যায় ফারুক বলেন, “আমার এলাকার সাকিব নামে এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি তাকে পাঁচ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাটাকেই এআই প্রযুক্তি ব্যবহার করে পাঁচ লাখ বানিয়ে অডিওটি ছড়ানো হয়েছে।”