Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ১৬ কোটি টাকার সড়কবাতি হাওয়া, অন্ধকারে ঝুঁকি বাড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

১৬ কোটি টাকার সড়কবাতি হাওয়া, অন্ধকারে ঝুঁকি বাড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) রাতের পরিবেশ এখন আতঙ্কের নাম। পথচারী ও চালকদের সুরক্ষায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে যে আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছিল, তার বড় অংশই চুরি ও নষ্ট হয়ে বর্তমানে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো সড়ক। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ল্যাম্পপোস্টগুলো এখন বাতিহীন ও অকেজো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও সড়কবাতির তার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আলো না থাকায় অন্ধকার সুযোগ হিসেবে ব্যবহার করছে অপরাধীরা। সম্প্রতি এই সড়কে একাধিক দুর্ঘটনা, ছিনতাই ও হতাহতের ঘটনা ঘটেছে:

  • ​১৫ আগস্ট: জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের কাছে রাতের আঁধারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিসহ গত ২৫ জুলাই ট্রাকচাপায় আবুল হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হন।
  • ​৩০ জুন: কড়ইতলা এলাকায় ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহ জামাল খান নামের এক ব্যবসায়ী।
  • ​৮ মার্চ: লিংক রোডে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে এক তরুণ নিহত হন।

​নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে সড়কবাতি চুরির এই বেহাল দশা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিপুল অর্থ খরচের পর বাতি ও তার চুরির ঘটনায় রক্ষণাবেক্ষণকারী সংস্থাগুলোর গাফিলতি নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, পুরো ৮ কিলোমিটার সড়কে বাজেট সীমাবদ্ধতার কারণে একযোগে সিসি ক্যামেরা লাগানো কঠিন হলেও অতি-ঝুঁকিপূর্ণ চোরপ্রবণ পয়েন্টগুলো চিহ্নিত করে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

​অবিলম্ব চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনা, নিয়মিত তদারকি নিশ্চিত করা এবং চুরি হওয়া তার ও বাতি পুনঃস্থাপন করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF