হবিগঞ্জ প্রতিনিধি:
‘আমি পোশাক (পুলিশ) লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’— প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে এমন বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসনের এক আদেশে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তিনি ঘুষ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছো না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে তীব্র সমলোচনা ও জনঅসন্তোষের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, কোনো মামলার তদন্তসহ বিভিন্ন দাপ্তরিক কাজের বিনিময়ে এএসআই ইলিয়াস নিয়মিত ঘুষ দাবি করতেন। টাকা না দিলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো ও নানাভাবে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভিডিওটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাত্ক্ষণিকভাবে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ডিরেক্টিভ অনুযায়ী বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।