চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ দাবি ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে। মামলা তদন্ত করতে গিয়ে খোলাখুলি ঘুষের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। ঘটনার একটি ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি ঘুষ লেনদেন নিয়ে অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, কেবল এই বক্তব্যই নয়—এএসআই ইলিয়াসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা তদন্তের নামে ঘুষ দাবি, অর্থ না দিলে কাজ না করা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন প্রকাশ্যে ঘুষের সাফাই গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকরা। তারা অনতিবিলম্বে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।