বিশেষ প্রতিবেদক:
জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বৃদ্ধি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছে প্রসিকিউশন।
আজ সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালের দেওয়া পূর্বের সাজা পুনর্বিবেচনা ও পরিবর্তন করে এ আবেদন দায়ের করা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং অপরাধের সার্বিক গুরুত্ব বিবেচনা করলে ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত ১০ বছরের কারাদণ্ড মোটেও পর্যাপ্ত নয়। অপরাধের মাত্রা অনুযায়ী এই সাজা অপর্যাপ্ত হওয়ায় তা বৃদ্ধি করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদানের জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। ওই রায় ঘোষণার পর থেকেই সাজা বৃদ্ধির লক্ষ্যে উচ্চ আদালতে আপিল দায়েরের উদ্যোগ গ্রহণ করছিল প্রসিকিউশন পক্ষ, যার ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেওয়া হলো।