নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায় এবং তাকে হেফাজতে নেয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭-২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।