বিশেষ প্রতিনিধি, বাস্তব কণ্ঠ:
রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব-১।
রোববার (৪ অক্টোবর) র্যাব-১-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর খিলক্ষেত থানায় সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর আলম মারফতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তিনি প্রশাসনের চাঁদাবাজির তালিকাভুক্ত (লিস্টেড) আসামি। খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মারফত অতীতে স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানা পুলিশ জানায়, র্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন মামলার প্রক্রিয়া চূড়ান্ত হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।