সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে বেকসুর খালাস পাওয়ায় তার বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এই সিদ্ধান্ত নেয় কমিশন।
গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুনর্বহাল করা হয় এবং আদেশটি সেদিন থেকেই কার্যকর হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং দুদকের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্তের ভিত্তিতে শাব্বির হাসানকে বিভাগীয় মামলার দায় থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশের নির্দেশনা অনুযায়ী, তার সাময়িক বরখাস্তের সময়কালকে জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধাসহ নিয়মিত কর্মকাল হিসেবে গণ্য করা হবে।
এর আগে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি কমিশন সভায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত তাকে বেকসুর খালাস দেন। এর মাধ্যমে ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ১৫ বছর পর নিজ পদে ফিরে পেলেন এই দুদক কর্মকর্তা।