নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আজ শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় নতুন ডিপো নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেখানে অস্থায়ীভাবে ডিপোর কাজ শেষ হলেই ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাসগুলো স্থানান্তর করা হবে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জমি যুক্ত করে সেখানে একটি স্থায়ী টার্মিনাল ও সমন্বিত মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব ধরনের গণপরিবহন ও ট্রাক পর্যায়ক্রমে ওই হাবে সরিয়ে নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "রাজধানীর অসহনীয় যানজট ও গণপরিবহন খাতের বিশৃঙ্খলা থেকে নগরবাসীকে মুক্তি দিতেই এই উদ্যোগ। মহাখালীর মতো গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনালেও দৃশ্যমান পরিবর্তন আনা হবে।"
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক জাগ্রত সময়
রাজধানীর যানজট নিরসনে বড় পদক্ষেপ: চুনকুটিয়ায় হচ্ছে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল