নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স (নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর)। ক্লাবটি আলোচিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে এই যৌথ অভিযান শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও তল্লাশি অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ২০১৯ সালেও বেআইনিভাবে ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনার অভিযোগে তেজগাঁওয়ের এই ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুয়াং ক্লাবে এই অভিযানের মাত্র দু’দিন আগে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর), রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে অভিযান চালানো হয়। শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত করার অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এসআরবি-১-এর যৌথ ওই অভিযানে শেখ নূর ইসলামের দু’টি বৈধ গুদামসহ মোট চারটি ‘অননুমোদিত’ গুদাম সিলগালা করে দেওয়া হয়।
পরপর দুটি অভিযানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারির বিষয়টি সামনে আসলো। আজকের ফুয়াং ক্লাবের অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।