Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : টি-টোয়েন্টিতে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ২০ বছরের প্রিটোরিয়াস

টি-টোয়েন্টিতে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ২০ বছরের প্রিটোরিয়াস

নিজস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে নিজের নাম খোদাই করলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

​শুক্রবার (২ অক্টোবর) ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে টাইটান্সের হয়ে নাইটসের বিপক্ষে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের এক মহাকাব্যিক ও বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ওপেনার। ইনিংসটিতে ছিল ১৫টি চার এবং ১৩টি বিশালাকার ছক্কার মার। ২৩৭.৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করা প্রিটোরিয়াস মাত্র ১২ রানের জন্য পুরুষদের টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

​এর আগে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫* রানের ইনিংস খেলে রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের দখলে নিলেন প্রিটোরিয়াস।

​ব্লুমফন্টেইনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই তরুণ। মাত্র ২৪ বলে অর্ধশতক এবং ৪০ বলে শতক পূরণ করার পর ৫৮ বলে পৌঁছে যান দেড়শ রানের ঘরে। ৭৯ বল খেলার মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে একক ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ডে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের পাশেও জায়গা করে নিয়েছেন।

​প্রিটোরিয়াসের রেকর্ড গড়া ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটান্স, যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান টপকে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন তিনি।

​২০২৬-২৭ ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন প্রিটোরিয়াস। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেললেও টি-টোয়েন্টি ফরম্যাটে ৯১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার, যেখানে তার স্ট্রাইক রেট ১৫০.৪৪। ২০ বছর বয়সেই গেইলের মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে প্রিটোরিয়াস জানান দিলেন, বিশ্ব ক্রিকেটে নতুন এক তারকার আগমন ঘটেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF