বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় ইউরেনিয়াম বহনকারী ৩টি বিশেষ লরিসহ বহরটি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সার্বিক নেতৃত্বে পুলিশ, স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এক কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। ইউরেনিয়াম বহনকারী ৩টি লরির পাশাপাশি আরও একটি লরিতে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়ায় সাথে রয়েছে রাশিয়া থেকে আগত একদল পারমাণবিক বিশেষজ্ঞ।
ইউরেনিয়াম বহনকারী ভিভিআইপি বহরটি চলাচলের সময় সড়ক ও মহাসড়কের নির্দিষ্ট রুটে সাময়িকভাবে যানবাহন চলাচল স্থগিত রাখা হয়। ফলে ঢাকা-পাবনা রুটসহ সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে তীব্র যানজট। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে যৌথবাহিনী।
এর আগে, নানা বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে গত শুক্রবার রাতে ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রটোকল অনুযায়ী চালানটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেয় ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রকল্পের জ্বালানি সরবরাহের ধারাবাহিকতায় আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটে ইউরেনিয়ামের পরবর্তী চালানগুলো দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।