নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর আদাবর ১৪ নম্বর রোডের এনকে ড্রিম আবাসিক এলাকার একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে অসামাজিক কর্মকাণ্ড, মাদক সেবন ও নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৬৬০ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আলমগীর নামের এক ব্যক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই ফ্ল্যাটে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত—যেমন নারায়ণগঞ্জ, সাভার ও উত্তরা থেকে আসা বিভিন্ন বয়সী নারীর যাতায়াত রয়েছে। সম্প্রতি সরেজমিনে অনুসন্ধানের সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম, বিদেশি মদের খালি বোতল ও বেশ কিছু আলামত উদ্ধারের দাবি জানান স্থানীয়রা। বাসিন্দাদের আশঙ্কা, আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড তরুণ সমাজ ও সার্বিক পরিবেশের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে।
অভিযুক্ত আলমগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে প্রভাবশালী ব্যক্তিবর্গকে 'ম্যানেজ' করে চলার দাবি করেন। তবে তার এ দাবির স্বাধীন ও নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভবনের কেয়ারটেকার ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
আবাসিক এলাকার শৃঙ্খলা ফেরাতে এবং নারী পাচার, মাদক বা প্রতারণার মতো অপরাধের সাথে আলমগীরের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে আদাবর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।