Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার সোনাসহ বিমানকর্মী ও যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার সোনাসহ বিমানকর্মী ও যাত্রী আটক


​নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী এবং এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

​কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর অ্যাভসেক (AVSEC)-এর সহায়তায় কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যু পেপারে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম। বর্তমান বাজারমূল্য অনুযায়ী উদ্ধারকৃত সোনার আনুমানিক দাম ২ কোটি টাকা।

​পরবর্তীতে আটক ওবায়দুরের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাতার থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়। যৌথ তল্লাশি অভিযানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF