বিশেষ প্রতিনিধি:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যাত্রীচাপ বেশি থাকায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ ও ট্রলি পৌঁছাতে বিলম্ব হয়। এতে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান তার ওপর চড়াও হন। তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেন। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, বিশৃঙ্খলার একপর্যায়ে আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের ভেতরে সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দিলে মেজর আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে থাকা জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমানের প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করেন।
উল্লেখ্য, অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামানের অতীত রাজনৈতিক ক্যারিয়ার ও আচরণ নিয়ে নানা বিতর্ক রয়েছে। এর আগে বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে তিনি মোট পাঁচবার বহিষ্কৃত হন। বারবার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।