নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি বহুতল আবাসন প্রকল্পের ভবনে লিফট ছিঁড়ে পড়ে একই পরিবারের শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তাঁর ৮ বছর বয়সী শিশুসন্তান মো. ওয়াসি।
স্থানীয় সূত্র ও চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। আহতদের মধ্যে নাইস আহমেদের দু'টি পা-ই ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঘটনার বিবরণ দিয়ে ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, "শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন। কিন্তু লিফটটি চালু হওয়ার পরপরই হঠাৎ তার ছিঁড়ে বিকট শব্দে নিচে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে ভবনের নিরাপত্তাকর্মী ছুটে যান এবং ভেতর থেকে তাঁদের আর্তচিৎকার শুনতে পান। পরে ভবনের অন্য বাসিন্দা ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে লিফটের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।"
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, “বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, সরকারি এই আবাসিক ভবনে লিফট রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন ভবনের বাসিন্দারা।