Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হলো

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬

​দেশের ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিত ও ক্রমবর্ধমান সাইবার অপরাধ দমনে ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে বাংলাদেশ পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। নবগঠিত এই বিশেষায়িত ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে ইউনিটটি অপরাধ দমনে মাঠে সক্রিয় থাকবে।

​স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরন ও কৌশলেও বড় ধরনের পরিবর্তন আসছে। এসব অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে অপারেশনের পাশাপাশি দেশের প্রতিটি থানা পর্যায়ের কর্মকর্তারাও সমন্বয় রেখে দায়িত্ব পালন করবেন।

​অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই বিশেষায়িত ইউনিটের আত্মপ্রকাশের মাধ্যমে দেশের অনলাইন মাধ্যমগুলো আরও নিরাপদ হবে এবং অনলাইন প্রতারণা, গুজবসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে গতি আসবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF