Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে শান্তিমোড় থেকে রামকৃষ্ণপুর গ্রামের আশপাশের এলাকায় পৌরসভার টিম-৮-এর উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে ফগার মেশিন দিয়ে মশক নিধন, বিভিন্ন স্থানের গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং প্রয়োজনীয় স্থানে কীটনাশক ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। সঙ্গে ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা।

অভিযানে রেড ক্রিসেন্ট, স্কাউটসের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনিক অভিযান যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেসব পাত্রে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF