নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। কোথাও কোথাও বেশি দাম দিতে রাজি থাকলেও সিলিন্ডার মিলছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। কিন্তু বর্তমানে বিভিন্ন এলাকায় একই সিলিন্ডার ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১ হাজার টাকা।
ভোক্তাদের অভিযোগ, এলপিজির প্রয়োজনীয়তা বেশি থাকায় কিছু বিক্রেতা নির্ধারিত মূল্যের তোয়াক্কা করছেন না। আবার কিছু এলাকায় সরবরাহ কম থাকার কথা বলে সিলিন্ডার বিক্রিতে অনীহা দেখানো হচ্ছে। ফলে একদিকে বাড়তি দাম, অন্যদিকে সংকট—দুই ধরনের ভোগান্তিতেই পড়ছেন গ্রাহকরা।
তবে ব্যবসায়ীদের দাবি, তারা নিজেরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন না। পরিবেশক ও ডিলারদের কাছ থেকেই বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে। ফলে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করলে লোকসানের মুখে পড়তে হবে বলে তাদের ভাষ্য।
এদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।
সরকারের পক্ষ থেকে সরবরাহ স্বাভাবিক থাকার কথা জানানো হলেও বাজারে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। বাজারে নজরদারি জোরদার এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোক্তারা।