নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ হকাররা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশ ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান।
বুধবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিটি করপোরেশন ও পুলিশ যৌথভাবে ফুটপাত উচ্ছেদে অভিযান শুরু করে। অভিযান চলাকালে আকস্মিকভাবে একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর জের ধরে হকার ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উচ্ছেদকারী দলের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেন। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
ঘটনার সতত্য নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয় এবং পুলিশ ও অন্যান্য যানবাহন ভাঙচুর করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।