Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যেও কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যেও কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

ঢাকা: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও মিত্রদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে ইরান যদি নিজেদের অপরিশোধিত তেল রফতানি করতে না পারে, তবে এই অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।

​রোববার পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে আয়োজিত এক ওয়েবিনারে বক্তব্যে তিনি এ হুমকি দেন। গালিবাফ বলেন, "ইরানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অঞ্চলের কোনো জ্বালানি বা অর্থনৈতিক অবকাঠামোই নিরাপদ থাকবে না।"

​আমেরিকান নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের প্রসঙ্গে স্পিকার বলেন, বহিঃশত্রুর হুমকি বা অবরোধের মুখে ইরানি জনগণ কখনোই মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি আরও বলেন, "আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র যদি এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে একের পর এক কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে।"

​এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি জানান, যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি ও ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো সংঘাতের জবাব দিতে সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান।

​বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও প্রণালীভিত্তিক বিশ্ব জ্বালানি সরবরাহের রুটে ইরান তার অবস্থান শক্ত করতেই এই প্রচ্ছন্ন বার্তা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF