Logo
প্রিন্টের তারিখ: 18 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ, আটকে রেখে নির্যাতন এবং অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও জোরপূর্বক সম্পাদিত দলিল বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. মিনহাজ উদ্দিন (৫২)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

মিনহাজ উদ্দিনের দাবি, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পাশে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়াগোলা এলাকায় রাসেল আলীর বাড়ির দ্বিতীয় তলায় একটি গোপন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তাকে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয় এবং তার মালিকানাধীন তিন কাঠা জমি জোরপূর্বক রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মিনহাজ উদ্দিন।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বললে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মিনহাজ উদ্দিন দাবি করেন, তাকে অপহরণ ও ভয়ভীতি দেখিয়ে সম্পাদন করা ৮০৪৯ নম্বর দলিলটি বাতিল, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত রাসেল আলী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার আইনগত অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্ভর করবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF