বিশেষ প্রতিনিধি: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশি অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাদের রক্তাক্ত ও আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত সাংবাদিকেরা হলেন— ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর মো. জহিরুল ইসলাম, ‘আগামীর সময়’-এর মো. সিয়াম হোসেন গাজী এবং কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, রবিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহবাগ থানা পুলিশ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করছিলেন ওই তিন সাংবাদিক। অভিযোগ উঠেছে, সংবাদ সংগ্রহের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর চড়াও হন এবং অতর্কিতে হামলা চালান। মারধরে সাংবাদিকেরা গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে আমরা সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালান। এতে আমরা তিনজনই গুরুতর আঘাত পাই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলার শিকার হয়ে তিন সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।