Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ‘২ কোটি টাকা দেন, সব সই করে দিব’—পিডিবির নির্বাহী প্রকৌশলী

‘২ কোটি টাকা দেন, সব সই করে দিব’—পিডিবির নির্বাহী প্রকৌশলী

বিশেষ প্রতিনিধি:

‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’—ঘুষ লেনদেনের এমন বক্তব্য সংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আত্মগোপনে চলে গেছেন লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক অঙ্গনে চরম তোলপাড় শুরু হয়েছে।

​ভিডিওচিত্র পর্যালোচনায় দেখা যায়, অফিসে বসে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে কথোপকথনকালে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, “এসি স্যার রাজি হয়ে গেছে... আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।” বিল পাসের বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবির বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, “একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।”

​প্রকল্পের ব্যয়ের হিসাব ও মালামাল আত্মসাতের প্রসঙ্গ টেনে ভিডিওতে নুরুল আমিনকে বলতে শোনা যায়, “৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা... ওই হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।” এছাড়া অপর একটি খণ্ডে প্রারম্ভিক ঘুষ হিসেবে ১ লাখ ৩৫ হাজার টাকা লেনদেনের হিসাব-নিকাশ করতেও দেখা যায় তাঁকে।

​নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীপুর পিডিবির একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন, নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন দীর্ঘদিন ধরে বিল অনুমোদন ও অর্থছাড়ের জন্য নিয়মিত মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। টাকা না দিলে বিল আটকে রাখা, কাজের অনুমোদন না দেওয়া কিংবা প্রশাসনিক জটিলতা তৈরির ভয় দেখানো হতো। হয়রানির ভয়ে ঠিকাদাররা মুখ খুলতে সাহস পাননি।

​ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সোমবার দুপুরে লক্ষ্মীপুর পিডিবির কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পিডিবির সহকারী প্রকৌশলী জানান, সোমবার সকাল থেকেই তিনি কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির জানান, ভিডিওটির বিষয়ে তাঁরা অবগত হয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ও দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF