Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বোরকা পরে ছদ্মবেশে ভূমিসেবা নিতে গেল ঢাকার ডিসি ফরিদা

বোরকা পরে ছদ্মবেশে ভূমিসেবা নিতে গেল ঢাকার ডিসি ফরিদা

অনলাইন ডেস্ক:

সরকারি সেবার বাস্তব চিত্র দেখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি পর্যবেক্ষণে বোরকা ও মাস্ক পরে ছদ্মবেশে ঢাকার উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে তিনি কার্যালয়টিতে উপস্থিত হন।

​ভূমি অফিস সূত্রে জানা যায়, অন্য যেকোনো দিনের মতোই অফিসে সেবাগ্রহীদের ভিড় ছিল। বোরকা ও মাস্ক দিয়ে মুখ ঢেকে সাধারণ এক নারীর মতো লাইনে দাঁড়ান জেলা প্রশাসক। সেখানে কর্মরত স্টাফদের কাছে সরাসরি নামজারি (মিউটেশন) প্রক্রিয়া ও সরকারি ফি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। নামজারির তথ্য জানতে চাইলে কর্মচারীদের কাছে নিজের পরিচয় প্রকাশ না করে তিনি জানান, সাধারণ সেবাগ্রহীতা হিসেবে সেবা নিতে এসেছেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থানরত অন্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং ভূমি সেবার সার্বিক মান নিয়ে তাদের মতামত শোনেন। একই সঙ্গে সেবার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া, কর্মকর্তাদের আচরণ, কার্যক্রমে বিলম্ব বা অনিয়ম হচ্ছে কি না এবং সাধারণ মানুষের জন্য নিয়মগুলো কতটা সহজ—তা গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অনাকাঙ্ক্ষিত ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসন শূন্য সহনশীল নীতি অনুসরণ করবে।

​এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, কার্যালয়ে বসে প্রতিবেদন বা অভিযোগ পর্যালোচনা করার চেয়ে মাঠে গিয়ে পর্যবেক্ষণ করলে সেবার প্রকৃত অবস্থা বোঝা সহজ হয়। সাধারণ মানুষের পরিচয়ে সেবা নেয়ার চেষ্টার মাধ্যমে প্রকৃত চিত্র ও অভিজ্ঞতা সরাসরি অর্জন করা সম্ভব হয়েছে।

​জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী ও আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সেবাপ্রার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF