Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩৬ রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, গোমস্তাপুরে দুজন, নাচোলে একজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছেন।

জেলা হাসপাতালে ভর্তি হওয়া ৩১ রোগীর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ জন রোগীর মধ্যে ৬০ জন পুরুষ এবং ৩৮ জন নারী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আরও চারজনকে অন্যত্র রেফার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানান সিভিল সার্জন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF