মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ, কথিত গান পাউডার ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. আব্দুল জলিল (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল জলিলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আব্দুল জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে চার বোতল ‘ROYAL STAG’ ব্র্যান্ডের বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত ‘CHOCO+ Syrup’, পলিথিনবিহীন প্রায় দুই কেজি দানাদার পদার্থ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা দানাদার পদার্থকে পুলিশ প্রাথমিকভাবে ‘কথিত গান পাউডার’ হিসেবে উল্লেখ করেছে। তবে পদার্থটির প্রকৃত উপাদান ও প্রকৃতি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
গ্রেপ্তার আব্দুল জলিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট কুথুনীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চোরাচালানমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।