Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত বিশেষ টিমের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ৮ নম্বর টিমের নেতৃত্বে বটতলাহাট থেকে জয়-নগর মীরপাড়া এলাকায় অভিযান শুরু হয়। এ সময় মশক নিধনের পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান।

অভিযানে রেডক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেলসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। বাড়ির ভেতর ও আশপাশে পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF