Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার সমর্থন

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার সমর্থন


আন্তর্জাতিক ডেস্ক | বাস্তব কণ্ঠ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে রাশিয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ অবস্থানের কথা জানান।

লাভরভ বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন। স্থায়ী সদস্যপদের জন্য ভারত ও ব্রাজিলের প্রার্থিতাকে রাশিয়া সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আফ্রিকা মহাদেশের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত করার ওপর গুরুত্ব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর নতুন স্থায়ী আসন পাওয়ার বিরোধিতা করেন লাভরভ। বিশেষ করে জার্মানি ও জাপানের সম্ভাব্য অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়ে তিনি দেশ দুটির বর্তমান সামরিক নীতির সমালোচনা করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার হলেও বর্তমানে স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের বিশেষ অধিকার ও ক্ষমতা কোনোভাবেই খর্ব করা উচিত নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমানে মোট ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য এবং তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। অপর ১০টি দেশ সাধারণ পরিষদের মাধ্যমে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের জন্য জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন। এ ক্ষেত্রে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। সংশোধন কার্যকর করতে পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের অনুমোদনও অপরিহার্য।

দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছে ভারত। রাশিয়ার সমর্থন এ দাবির পক্ষে গুরুত্বপূর্ণ হলেও সংস্কার প্রক্রিয়া এখনো জটিলতা ও মতবিরোধের মধ্যে রয়েছে। বিশেষ করে স্থায়ী সদস্যপদ সম্প্রসারণ নিয়ে নিরাপত্তা পরিষদের অন্যান্য শক্তিধর দেশের অবস্থান এক নয়। রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার চীনও ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF