ঢাকা: চাঁদা দিতে অস্বীকার করায় বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিস ও স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউগ্রিন প্রপার্টিজ’-এ অবস্থিত তার স্টুডিওতে এই তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হামলায় স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরাসহ ভেতরের গুরুত্বপূর্ণ প্রযুক্তিসামগ্রী ও রেকর্ডিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে। এছাড়া স্টুডিও রুমের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভেঙে তছনছ করে ফেলা হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি একটি স্থানীয় চক্র সালমান মুক্তাদিরের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে সংঘবদ্ধ হয়ে এসে দুর্বৃত্তরা এই হামলা ও লুটপাট চালায়।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া শুরু করেছে।