বিশেষ প্রতিনিধি, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা সারারাত না-খাওয়া বাবার মুখে পরম মমতায় খাবার তুলে দিয়েছে তার ছোট্ট মেয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালের এই মর্মস্পর্শী দৃশ্যটি উপস্থিত সাধারণ মানুষকে আবেগাপ্লুত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরদিন সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে সেখানে ছুটে আসে তার অবুঝ শিশুসন্তান।
দূর থেকে বাবাকে বাঁধা অবস্থায় দেখে শিশুটি স্থানীয় একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর ভিড় ঠেলে বাবার কাছে গিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। এ সময় পাশে থাকা উৎসুক জনতার অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, "মেয়েটি বাবাকে এভাবে বাঁধা দেখে ছুটে এসে দোকান থেকে রুটি-চা কিনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা উপস্থিত সবাই স্তব্ধ ও আবেগাপ্লুত হয়ে পড়েন।"
অন্য এক বাসিন্দা আবদুর রহিম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "চুরির অভিযোগ থাকলে তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।"
পরবর্তীতে শনিবার সকাল ৯টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর প্রস্তুতি নেয়। তবে তার আগেই স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা রেখে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন।