নাগেরকোল (তামিলনাড়ু):
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত দামি গহনা ও ধনসম্পদ প্রদর্শনের জেরে বড় ধরনের চুরির শিকার হয়েছেন ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় ইউটিউবার দম্পতি বিনোদ কুমার ও মধুমিতা। নাগেরকোইলের থাম্মাতুক্কোনাম এলাকার ভিআইপি গার্ডেনে অবস্থিত তাঁদের বাসভবন থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের ১১৮ ভরি (সোভেরেন) স্বর্ণের গহনা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ চুরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে একদল দুর্বৃত্ত বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকা সত্ত্বেও চোরেরা অনায়াসে অলংকার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার কিছুদিন আগে ইউটিউবার মধুমিতা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পরিবারের মূল্যবান গহনা ও সম্পদ নিয়ে একটি বিশেষ ভিডিও ও রিল প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তাঁদের বাড়ির পূজার ঘরে রাখা বহুমূল্য স্বর্ণালংকার প্রদর্শিত হয়। ধারণা করা হচ্ছে, ওই ভিডিও দেখেই চোরচক্র পরিকল্পনা করে এই দুঃসাহসিক চুরি সংগঠিত করেছে।
অনলাইনে গহনা কেনাকাটা ও নগদ অর্থ প্রদর্শনের জন্য পরিচিত এই দম্পতির বাড়িতে চুরির ঘটনায় রাজাকামঙ্গলম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ওই এলাকার সন্দেহভাজন মোবাইল কল রেকর্ড (সিডিআর) খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন ও ধনসম্পদ প্রদর্শনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা বিশ্লেষকেরা অনলাইনে এ ধরনের স্পর্শকাতর তথ্য ও সম্পদ প্রদর্শন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।