মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ এবং সমঅধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা ক্লাব মিলনায়তনে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’ এ সভার আয়োজন করে।
“ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য” এবং “নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্কের চার জেলার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নারীপক্ষের সদস্য ও জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের (Youth Leader) ফারিহা মায়মুনা চৈতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের দৈনন্দিন জীবন ও আঞ্চলিক কাঠামোগত উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নারীদের কেবল সংরক্ষিত আসনেই নয়, বরং সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বক্তারা নারী নেতৃত্বের সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বলেন, সামাজিক ও পারিবারিক অসহযোগিতা, রাজনৈতিক সহিংসতা, অতিরিক্ত নির্বাচনী ব্যয়, নিরাপত্তাহীনতা এবং নারী নেতৃত্ব নিয়ে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অনেক যোগ্য নারী সাধারণ আসনে প্রার্থী হতে নিরুৎসাহিত হন। এসব বাধা দূর করতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিত ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
সভা থেকে স্থানীয় সরকার নির্বাচনে নারীদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সামাজিক ও পারিবারিকভাবে সমর্থনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং নারীদের সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদেরকে কার্যকর প্রতিনিধি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।