Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীনদের বরণ, শিক্ষাজীবন নিয়ে ওরিয়েন্টেশন

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীনদের বরণ, শিক্ষাজীবন নিয়ে ওরিয়েন্টেশন


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। একই সঙ্গে কলেজের নিয়ম-কানুন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষাজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবীনদের দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি শুভেচ্ছা বক্তব্য দেন। কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

এ ছাড়া কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম, শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।

পরে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত ওরিয়েন্টেশন দেওয়া হয়। নতুন পরিবেশে পড়াশোনা, নিয়ম-শৃঙ্খলা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নবীনদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF