আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিয়ে আন্তর্জাতিক এই সংস্থার নিরপেক্ষতা ও সার্বিক ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বক্তব্যের শুরুতেই জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মিলে বলেন, বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে সংস্থাটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।
ভাষণে দীর্ঘদিন ধরে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় ‘লাস মালভিনাস’ নামে পরিচিত) নিয়ে আর্জেন্টিনার ঐতিহাসিক অবস্থান পুনর্ব্যক্ত করেন হাভিয়ের মিলে। যুক্তরাজ্য কর্তৃক অঞ্চলটিতে পরিচালিত তেল অনুসন্ধান কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান তিনি। মিলে অভিযোগ করেন, ‘সি লায়ন প্রজেক্ট’-এর অধীনে উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে ব্রিটিশ লাইসেন্সে অবৈধভাবে তেল উত্তোলন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আর্জেন্টিনার সার্বভৌমত্ব ও অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন এবং সমুদ্র বিষয়ক জাতিসংঘ কনভেনশনের (UNCLOS) সুস্পষ্ট লঙ্ঘন।
দ্বীপের অধিবাসীদের অধিকার প্রসঙ্গে বুয়েনস আইরেসের অবস্থান স্পষ্ট করে প্রেসিডেন্ট মিলে বলেন, বিরোধপূর্ণ ভূখণ্ডটিতে দখলদার শক্তির মাধ্যমে পরিকল্পিতভাবে বসতি স্থাপন করানো হয়েছে। তাই ফকল্যান্ডের অধিবাসীদের ক্ষেত্রে জনগণের 'আত্মনিয়ন্ত্রণের অধিকার' সংক্রান্ত আন্তর্জাতিক নীতি কোনোভাবেই প্রযোজ্য নয়।
বক্তব্যের শেষাংশে তিনি পুনর্ব্যক্ত করেন, আর্জেন্টিনা যেকোনো উস্কানি এড়িয়ে শান্তিপূর্ণ ও বাস্তবসম্মত উপায়ে ঐতিহাসিক এই ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।