আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ ভাষণের শুরুতেই তিনি এসব ছবি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
ভাষণের সূচনাতেই প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির একটি ছবি হাতে তুলে ধরেন। উল্লেখ্য, তেহরানে নিজ বাসভবন কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রথম দিনে বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।
খামেনির ছবির পাশাপাশি চলমান সামরিক সংঘাতে নিহত ইরানি শিশুদের একাধিক আলোকচিত্র অধিবেশন কক্ষে উপস্থিত বিশ্বনেতাদের সামনে প্রদর্শন করেন পেজেশকিয়ান। এর মাধ্যমে তিনি ইরানে পরিচালিত সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং বিশেষ করে শিশুদের ওপর পড়ে ধ্বংসাত্মক প্রভাবের বিষয়টি জাতিসংঘের মঞ্চে সরাসরি তুলে ধরেন।
জাতিসংঘের এই উচ্চপর্যায়ের অধিবেশনে ছবি প্রদর্শনের মাধ্যমে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন।