মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ‘টিম-০৮’-এর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধন কর্মী, যুবসমাজ ও স্কাউটসের সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মোতালেব/মো. এনামুল হক। এ সময় স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও দীর্ঘদিন ধরে পানি জমে থাকা স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ প্রয়োগ করা হয়। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
পৌরসভা সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।