বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাইডলাইনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে উভয় নেতা অংশ নেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন অংশীদারত্ব অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। বিশেষ করে দেশটিতে চলমান জ্বালানিসহ বিভিন্ন অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক পূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন সংস্থাটির প্রধান অজয় বাঙ্গা।
আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের কৌশলগত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের চলমান সহায়তা আরও জোরদার করার তাগিদ দেন। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন, এবং নবায়নযোগ্য জ্বালানিসহ কৌশলগত খাতগুলোতে যৌথ অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।
বৈঠক শেষে উভয় নেতাই আশাবাদ ব্যক্ত করেন যে, এ আলোচনা বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।