নিজস্ব প্রতিবেদক:
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষার মান বৃদ্ধি এবং বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ ও উৎকণ্ঠা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, দেশ ও বিদেশের বর্তমান কাজের বাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। যে শিক্ষা ব্যবস্থা কেবল বেকারত্ব বাড়ায়, তা থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসা জরুরি। কর্মসংস্থান উপযোগী আধুনিক শিক্ষা চালু করাই এখন সময়ের দাবি।
এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ দেওয়ার কেন্দ্র না বানিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।