আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ও স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি। সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা উল্লেখ করে মামদানি বলেন, "আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আইসিসি যদি কাউকে গ্রেপ্তারের যোগ্য মনে করে, তবে সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নন এবং সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন।"
এর আগে গত জুলাই মাসে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না—তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছিলেন মামদানি। তবে কয়েক দিনের আইনি পর্যালোচনা শেষে তিনি জানান, নিউ ইয়র্কের মেয়র হিসেবে তার এমন পদক্ষেপ নেওয়ার সরাসরি কোনো প্রশাসনিক বা আইনি এখতিয়ার নেই। সিদ্ধান্ত জানানোর সময়ও তিনি স্পষ্ট করেছিলেন যে, নেতানিয়াহু নিউ ইয়র্কে 'স্বাগত নন'।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, সেদিন দুপুর ২টায় সাধারণ পরিষদে ভাষণ দিয়ে পরপরই তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্ক শহরজুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তবে এই মুহূর্তে এসব বিক্ষোভে নিজে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মামদানি।
(সূত্র: জেরুজালেম পোস্ট)