Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বিনা রিজার্ভে নতুন টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

বিনা রিজার্ভে নতুন টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক | বাস্তব কন্ঠ

​ঢাকা: পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং বাজারে প্রচলিত ১,০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই নোটিশের প্রাপক করা হয়েছে।

​নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

​নতুন টাকা ছাপানো ও মূল্যস্ফীতি ঝুঁকি

নোটিশে বলা হয়, স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা বাজারে সরবরাহ করা হলে দেশীয় টাকার ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যায়। অর্থনীতিতে মুদ্রা সরবরাহ ও পণ্য সরবরাহের মধ্যে এই ভারসাম্যহীনতা মূল্যস্ফীতির চাপ বাড়ায়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

​বিষয়টিকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করে নোটিশে বলা হয়, অতিরিক্ত মূল্যস্ফীতি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে। ফলে সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত মানুষের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ ক্ষতিগ্রস্ত হয়।

​১০০০ টাকার নোট বাতিলের যুক্তি

নোটিশে প্রচলিত ১,০০০ টাকার নোট বাতিলের জোর দাবি জানিয়ে বলা হয়, দৈনন্দিন সাধারণ লেনদেনে এ ধরনের বড় মূল্যমানের নোটের প্রয়োজনীয়তা তুলনামূলক কম। তবে দুর্নীতি, কর ফাঁকি এবং অবৈধ ও অপ্রদর্শিত অর্থ গোপন রাখার ক্ষেত্রে এই নোটের অপব্যবহারের সুযোগ তৈরি হয়।

​আইনজীবী মাহমুদুল হাসান মামুনের ভাষ্য মতে, বড় মূল্যমানের নোটের কারণে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ জমে থাকে, যা দেশে ছায়া অর্থনীতির (Shadow Economy) বিস্তার ঘটাতে ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে নোটিশে ভারতের ২০২৩ সালে ২,০০০ রুপির নোট প্রত্যাহারের সিদ্ধান্তটি তুলে ধরা হয়।

​নির্ধারিত ১৫ দিনের মধ্যে নতুন টাকা ছাপানোর বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ এবং ১,০০০ টাকার নোট বাতিলের বিষয়ে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF