Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপি আয়নুল হকের সভা: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপি আয়নুল হকের সভা: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা


​স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের অভ্যন্তরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের একটি কর্মসূচি পালনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এই সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আয়নুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মসজিদের ভেতর কার্পেট বা চাটাইয়ের ওপর সাধারণ বসার ব্যবস্থার পরিবর্তে সুসজ্জিত সোফা ও চেয়ার-টেবিল বসানো হয়েছে, যেখানে অতিথি ও স্থানীয় নেতারা আসীন ছিলেন। পবিত্র উপাসনালয়ের ভেতর এমন আয়োজনের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

​তবে রাজনৈতিক কর্মসূচির কথা অস্বীকার করে এতে উপস্থিত বিএনপি নেতারা দাবি করেছেন, অনুষ্ঠানটির মূল আয়োজক ছিল মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

​এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম জানান, "এমপি আয়নুল হকের নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনা সংক্রান্ত বিপুল অর্থ বকেয়া রয়েছে। তা পরিশোধে সংসদ সদস্যের সহযোগিতা চাইতেই তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। আমরা সেখানে গিয়ে দেখি মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষই ভেতরের অতিথিদের জন্য সোফা ও চেয়ারের ব্যবস্থা করেছে।"

​তিনি আরও বলেন, "যেহেতু এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় আলোচনা সংক্রান্ত আয়োজন ছিল, তাই আমরা তাদের ব্যবস্থাপনায় অংশ নিয়েছি।"

​ঘটনা বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​উল্লেখ্য, ভিপি আয়নুল হক বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতিপূর্বে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ থেকে তিনি টানা তিনবার ভিপি নির্বাচিত হন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF