মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। সোমবার সকালে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।
কর্মসূচির অংশ হিসেবে ডিএনসি কার্যালয়ের অফিস আঙিনা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ অবস্থান থেকে নাগরিকদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সূত্র: প্রতিবেদকের সংগৃহীত তথ্য।