Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে উদ্ধার ২৩ টিয়া পাখি, মুক্ত আকাশে অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে উদ্ধার ২৩ টিয়া পাখি, মুক্ত আকাশে অবমুক্ত


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বন্য পাখি সংরক্ষণ ও অবৈধভাবে পাখি আটকে রাখার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এ সময় চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা পাখিগুলো পরবর্তী সময়ে সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন ২৩টি টিয়া পাখি প্রকৃতিতে অবমুক্ত করেন। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা পাখিগুলোকে খাঁচাবন্দি না রেখে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্মকর্তা ও সচেতন নাগরিকরা। পাখিপ্রেমীদের মতে, বন্য পাখি সংরক্ষণে প্রশাসনের এমন উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের ভাষায়, “বনে পাখি বনেই মানায়।”

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF