Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান: ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান: ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।

চকপাড়া বিওপির অভিযানে মোটরসাইকেল জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজমতপুর বিওপিতে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF