Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : আওয়ামী লীগের মিছিল ও দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগের মিছিল ও দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার


নোয়াখালী প্রতিনিধি | বাস্তব কণ্ঠ

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। একই সময়ে উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগও সামনে আসে।

এরপর শনিবার রাতে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বর্তমানে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

হযরত আলী মিলন জানান, শনিবার রাতে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হলে তিনি থানা থেকে চলে যান। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে, বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার রাতে সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াতে অংশ নেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF