Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : শিবগঞ্জ সীমান্তে ৯ গ্রাম হেরোইনসহ দুইজন আটক, ৬ মাসের কারাদণ্ড

শিবগঞ্জ সীমান্তে ৯ গ্রাম হেরোইনসহ দুইজন আটক, ৬ মাসের কারাদণ্ড


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানসাট মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবুকে (৪২) আটক করা হয়।

আটক আতাউর রহমানের পিতার নাম মৃত সমশের আলী এবং নুরুল ইসলাম বাবুর পিতার নাম মৃত তোফাজ্জল হক। তারা দুজনই শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দ করা হেরোইন পরবর্তী সময়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF