স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পিতা কে এম ফিরোজ শাহরিয়ার ও মাতা ড. নাহিদা বেগম।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। সন্তান নিখোঁজ হওয়ার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এর আগে, একমাত্র ছেলেকে খুঁজে পেতে আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তার মা ড. নাহিদা বেগম। তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম, বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় ছবিতে দেওয়া পাঞ্জাবিটি তার পরনে ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি—আমার ছেলেকে বাঁচান।’
অবশেষে নিখোঁজের পরদিন শনিবার লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের নিথর দেহ উদ্ধার করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে