মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব শাহানা আখতার জাহান।
কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্মসচিব মোছাঃ তাছলিমা খাতুন অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও মশার প্রজননের উপযোগী স্থানগুলোতে স্প্রে প্রয়োগ করা হয়। পাশাপাশি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানস্থল পরিদর্শন ও কার্যক্রম তদারকি করেন।
এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ির আশপাশে আবর্জনা জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।