নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারা এর পেছনে জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর জানান, সন্ধ্যার দিকে হঠাৎ থানার সামনের মূল ফটকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ককটেল ছিল।
ঘটনার পরপরই যাত্রাবাড়ী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো এলাকা ঘিরে ফেলে আলামত সংগ্রহ ও ককটেল বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।